‌‘ক্ষুদ্র কৃষকদের উচ্ছেদ করে কৃষিকে গ্রাস করছে কর্পোরেট গোষ্ঠী’

 

‌‘ক্ষুদ্র কৃষকদের উচ্ছেদ করে কৃষিকে গ্রাস করছে কর্পোরেট গোষ্ঠী’

কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য হাইটেক প্রযুক্তি আসায় কৃষি উৎপাদনে প্রয়োজন হচ্ছে বিপুল পুঁজি। আর এই সুযোগে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃষিক্ষেত্রে তাদের আধিপত্য বিস্তার করছে। কৃষি উৎপাদন আজ বিশাল বড় ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে কর্তৃত্ব করছে বৃহৎ পুঁজিপতিরা, বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র কৃষকরা।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের রক্ষার জন্য সরকারকে পরামর্শ দেন শাইখ সিরাজ। ছবি: সময় সংবাদ
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের রক্ষার জন্য সরকারকে পরামর্শ দেন শাইখ সিরাজ। ছবি: সময় সংবাদ

বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) রাতে রাজধানীর বাংলা একাডেমিতে গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ”মাটির মানুষ শাইখ সিরাজ” শীর্ষক প্রবন্ধ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাইখ সিরাজের শিক্ষক এবং ইমেরিটাস প্রফেসর অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদসহ দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, কৃষিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিকসহ শাইখ সিরাজের বন্ধু-সুহৃদ-শুভাকাঙ্ক্ষীরা।

শাইখ সিরাজ বলেন, ”মাটি আমাদের শক্তি। এই মাটিতে ভ্যালু অ্যাড করতে হবে। তবে কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অত্যাধুনিক প্রযুক্তির আবির্ভাবে বর্তমানে কৃষিক্ষেত্রে বৃহৎ পুঁজি ঢুকে পড়েছে। এর ফলে আগামীর কৃষি আর প্রকৃত কৃষক, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের হাতে থাকবে না। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে চলে যাবে।

তিনি বলেন, কৃষি এখন হাইটেক হচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ার কারণে বড় বিনিয়োগ প্রয়োজন। কৃষিতে এখন বড় ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন কারণ কৃষি এখন লাভজনক ব্যবসা। কিন্তু এতে ভবিষ্যতে ক্ষুদ্র কৃষকদের স্বার্থ রক্ষা হবে না। তারা প্রতিযোগিতায় পেরে উঠবেন না। তাই সরকার যদি কৃষকদের প্রটেকশন না দেয় তবে তারা টিকতে পারবে না। এতে দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা প্রকাশ করে ক্ষুদ্র কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমি একজন পুরোপুরি গ্রামের মানুষ। আমি গ্রাম থেকেই এসেছি। শাইখ সিরাজ টেলিভিশনে তার অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের সামনে বাংলাদেশের কৃষিকে এবং সারা বিশ্বের কৃষিকে বাংলাদেশের সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরেছেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশ মূলত কৃষকের সন্তানের তৈরি। মুক্তিযোদ্ধাদের ৮০ শতাংশই সরাসরি কৃষকের সন্তান। দেশে সম্প্রতি বোরো ধানের আবাদ বেড়েছে, একই সঙ্গে হ্রাস পেয়েছে সারের ব্যবহার। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এ সময় কৃষিখাতে উন্নয়নের জন্য ক্ষুদ্র কৃষকদের অর্থায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির গুরুত্ব অনেক গুণ বেড়েছে। দেশে ৮০’র দশকে প্রথম বাণিজ্যিকভাবে ব্যাপক-ভিত্তিতে মাছ চাষ শুরু হয়। সে সময় বাংলাদেশে পরামর্শক হিসেবে কাজ করা বিভিন্ন বিদেশি বিশেষজ্ঞ ঠাট্টা করে বলতেন, তোমাদের দেশের লোক তো খেতেই পারে না, তোমরা মাছকে খাওয়াবে কী। সেখান থেকে কৃষিতে আজকের অবস্থানে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল নিউট্রিশন বিভাগের অধ্যাপক আল মামুন বলেন, একাডেমিক কৃষক ও ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বয় না ঘটলে কৃষির উন্নয়ন সম্ভব হবে না।
 
কথা সাহিত্যিক দীপু মাহমুদ বলেন, আমরা সবাই কৃষকের সন্তান। কৃষকরাই সবচেয়ে মর্যাদাশীল মানুষ যারা আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, বাংলাদেশ নদী ভাঙনের দেশ। তাই শিল্পায়নের মাধ্যমে নয়, কৃষিতে উন্নতির মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

”মাটির মানুষ শাইখ সিরাজ” শীর্ষক প্রবন্ধ সংকলন গ্রন্থের সম্পাদনা করেছেন ইমেরিটাস প্রফেসর অধ্যাপক নজরুল ইসলাম। প্রকাশিত হয়েছে চন্দ্রাবতী একাডেমি থেকে। এই গ্রন্থে শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গের লেখা অর্ধশতাধিক প্রবন্ধ স্থান পেয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাঁরা যাচ্ছেন

লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক